দুই ভেন্যুতে হবে নারী বিপিএল : বিসিবি

নারী বিপিএল আয়োজন নিয়ে চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সূচি কিছুটা এগিয়ে আনার চিন্তাও করা হচ্ছে।
বিজ্ঞাপন
রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় নারী বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহেই মাঠে গড়াতে পারে এই আসর। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। বিষয়টি বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন।
খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় ড্রাফটের চেয়ে নিলাম পদ্ধতির দিকেই এগোচ্ছে আয়োজকরা। বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের কথাও জানা গেছে। আইপিএল, বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের ধারায় এবার বাংলাদেশেও শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি লিগ।
বিজ্ঞাপন
প্রথম আসরে তিনটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা।








