Logo

ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল ছাড়ল ভারতীয় দল

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১২:১১
ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল ছাড়ল ভারতীয় দল
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আহমেদাবাদে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। শিরোপা লড়াইয়ের আগে টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ড সবকিছু নিজেদের অনুকূলে রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে। এমনকি কুসংস্কারকেও গুরুত্ব দিচ্ছে তারা।

বিজ্ঞাপন

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্বকাপ চলাকালে ভারত যে শহরগুলোতে ম্যাচ খেলেছে, সেসব জায়গায় দলের সাপোর্ট স্টাফদের একজন মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করেছেন। এছাড়া চন্দ্রগ্রহণের প্রভাব কাটাতে সেমিফাইনালের আগে মুম্বাইয়ে দলের অনুশীলনও প্রায় ৪৫ মিনিট দেরিতে শুরু করা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আগে নিজেদের হোটেলও বদলে ফেলেছে ভারতীয় দল। দলীয় সূত্রে জানা যায়, আগের হোটেলটিকে কিছুটা ‘অপয়া’ মনে করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যদিও হোটেল পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে অতীতের কিছু অভিজ্ঞতা নাকি এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

জানা গেছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে এবং চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে একই হোটেলে অবস্থান করেছিল ভারতীয় দল। দুর্ভাগ্যজনকভাবে দুটি ম্যাচেই পরাজিত হতে হয়েছিল তাদের। তাই ফাইনালের আগে আর ঝুঁকি নিতে চাইছে না দল।

বিজ্ঞাপন

এদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম নিয়েও ভারতীয় ক্রিকেটে নানা ধরনের কুসংস্কারের কথা শোনা যায়। অনেকের মতে, এই মাঠটি ভারতের জন্য খুব একটা সৌভাগ্যের নয়। তবে ফাইনালে জয় পেলে সেই ধারণা বদলে দেওয়ার সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবদের সামনে।

ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিততে পারলে সেই ‘অপয়া’ তকমাও ঝেড়ে ফেলতে পারবে টিম ইন্ডিয়া।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD