বাঘারপাড়ায় বাবার রামদার কোপে ছেলে জখম

যশোরের বাঘারপাড়ায় তুচ্ছ পারিবারিক বিবাদের জেরে রানা (২৫) নামে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার জন্মদাতা বাবার বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধোয়াখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত রানা ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বর্তমানে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবা জয়নাল আবেদিন (৪৭) ও ছেলে রানার মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে জয়নাল চরম উত্তেজিত হয়ে ঘর থেকে রামদা বের করে রানাকে লক্ষ্য করে কোপাতে থাকেন। এতে রানার বাম হাত ও পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। রানার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জয়নাল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, রানার জখম বেশ গভীর হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
বিজ্ঞাপন
আহত রানার বড় ভাই রায়হান জানান, সামান্য বিষয় নিয়ে বাবা এমন কাণ্ড ঘটাবেন তা তারা কল্পনাও করতে পারেননি। বর্তমানে রানার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় আইনি পদক্ষেপের বিষয়ে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি।
বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








