Logo

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ দিচ্ছেন তামিমরা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৩:৩১
ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ দিচ্ছেন তামিমরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবরে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিতে যাচ্ছেন তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকদের একটি অংশ।

বিজ্ঞাপন

নির্বাচনের আগেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল ও ঢাকার বেশ কয়েকটি ক্লাবের সংগঠক। সেই অভিযোগের প্রতিবাদে তারা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও নেন।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত ওই নির্বাচন দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নির্বাচনের কয়েকদিন আগে ঢাকার ১৬টি ক্লাব নির্বাচন বয়কটের ঘোষণা দেয় এবং সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তোলে। এমনকি ওই ক্লাবগুলোর প্রার্থীরা ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণাও দেন।

বিজ্ঞাপন

এর প্রভাব পড়ে বিভিন্ন লিগেও। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয়নি আটটি ক্লাব, ফলে ২০ দলের লিগ কমে ১২ দলে অনুষ্ঠিত হয়। অন্য লিগগুলোতেও অনিশ্চয়তা তৈরি হয়।

নির্বাচনের পর নতুন কমিটির অধীনে বিপিএলসহ কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করা হলেও ক্লাব ক্রিকেটে অস্থিরতা এখনো কাটেনি। কয়েক মাস ধরে ঢাকার প্রায় ৪৫টি ক্লাব বর্তমান বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের অবস্থানে রয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর ক্লাব সংগঠকদের মধ্যে নতুন করে সমাধানের আশা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে যাচ্ছেন তারা। অভিযোগকারী সংগঠকদের তালিকায় রয়েছেন তামিম ইকবালও।

বিজ্ঞাপন

ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু জানান, অভিযোগপত্রে সংশ্লিষ্ট সংগঠকদের স্বাক্ষর নেওয়া হয়েছে এবং সবাই মিলে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে এটি জমা দেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD