নারী বিপিএলের দুই দল চূড়ান্ত, যুক্ত হলো নতুন ভেন্যু

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসেই আনুষ্ঠানিকভাবে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেওয়া হয়। তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
বিজ্ঞাপন
প্রথমে দুইটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে ভেন্যুর তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে বগুড়াকে। আগে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে এখন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামও টুর্নামেন্টের একটি ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে। এমনকি উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বগুড়াতেই। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
নারী বিপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজিতে জাতীয় দলের তিনজন ক্রিকেটারকে আইকন খেলোয়াড় হিসেবে রাখা হবে এবং তারাই নেতৃত্ব দেবেন দলগুলোকে। আইকন ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। সম্ভাব্য আইকন ক্রিকেটারদের তালিকায় রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং সোবহানা মোস্তারি।
বিজ্ঞাপন
ফ্র্যাঞ্চাইজিগুলোর বিষয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও রয়েছে। এখন পর্যন্ত দুইটি দলের নাম চূড়ান্ত হয়েছে—রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি মালিকানায় আগ্রহ দেখিয়েছে রংপুর রাইডার্সও।
নারী ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে এবং খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশে খেলানোর লক্ষ্যেই এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








