দেশে প্রথম নারী বিপিএল, উদ্বোধন বগুড়ায়

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরুষদের বিপিএলের সাফল্যের ধারাবাহিকতায় এবার নারী ক্রিকেটারদের নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।
বিজ্ঞাপন
বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের প্রথম আসরে তিনটি দল অংশ নেবে। যদিও দলগুলোর ফ্র্যাঞ্চাইজির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক সূচি প্রকাশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, ৪, ৫ ও ৬ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম তিনটি ম্যাচ। এরপর ৯, ১০ ও ১১ এপ্রিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে পরবর্তী তিনটি ম্যাচ। দুই ভেন্যুর ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলকে নিয়ে আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। আবহাওয়া খারাপ থাকলে ১৫ এপ্রিল রাখা হয়েছে রিজার্ভ ডে।
বিজ্ঞাপন
নারী বিপিএলকে সামনে রেখে বগুড়ায় ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান, টুর্নামেন্ট উপলক্ষে মাঠ প্রস্তুতের কাজ চলছে। কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা মাঠের উন্নয়নে কাজ করছেন। পাশাপাশি বিসিবির নির্দেশনায় মিডিয়া বক্স সংস্কার এবং স্টেডিয়ামের বাইরের সড়ক মেরামতের উদ্যোগও নেওয়া হয়েছে।
এই টুর্নামেন্টে দেশি তারকা ক্রিকেটারদের পাশাপাশি প্রতিটি দলে কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশ নেবেন। বিসিবি সব ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনা করেছে। দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থাও থাকবে, তবে টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।
বিজ্ঞাপন
এদিকে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা বগুড়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যে নারী বিপিএল ঘিরে বেশ উৎসাহ দেখা গেছে। স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে শহীদ চান্দু স্টেডিয়াম আবারও প্রাণ ফিরে পাবে। পাশাপাশি ভবিষ্যতে এখানে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবিও জানিয়েছেন তারা।








