ঈদের দিনে দুটি স্বর্ণসহ তিন আন্তর্জাতিক পদক জিতল বাংলাদেশ

ঈদুল ফিতরের আনন্দঘন দিনে দেশের ক্রীড়াঙ্গনে এসেছে গর্বের খবর। আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা জিতেছেন দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক, যা ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের জুডোকারা। ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ’-এর দ্বিতীয় দিনে বিকেএসপির প্রতিনিধিত্বকারী চারজন খেলোয়াড় পদকের লড়াইয়ে অংশ নেন, যার মধ্যে তিনটি পদক অর্জিত হয়।
মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩ কেজি প্লাস বিভাগে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। একই দিনে বালক ক্যাডেট ৬২ কেজি প্লাস বিভাগে স্বর্ণপদক অর্জন করেন উসাচিং মারমা বিজয়। এছাড়া দিনের শেষ ইভেন্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন রেমি হাসি।
বিজ্ঞাপন
পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ। তিনি জানান, প্রতিযোগিতার শুরু থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এবং পরবর্তী ইভেন্টগুলোতেও সাফল্যের আশা রয়েছে।
নেপাল জুডো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক নেপাল, বাংলাদেশ ও ভুটানসহ বিভিন্ন দেশের প্রায় ৩০০ জন জুডোকা অংশ নিচ্ছেন। কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত একটি বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: ইসরায়েলকে বড় শাস্তি দিলো ফিফা
বিজ্ঞাপন
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের মোট ছয়জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন, যারা সবাই বিকেএসপির শিক্ষার্থী। প্রতিযোগিতার আগামী দিনে আরও দুইজন খেলোয়াড় পদকের জন্য লড়বেন বলে জানা গেছে।
ঈদের দিনে এমন সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা জাগিয়েছে।








