বাংলাদেশে আইপিএল সম্প্রচারে আর বাধা নেই

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। নতুন সরকারের অবস্থানের কারণে দেশীয় চ্যানেলে আইপিএল দেখাতে আর কোনো বাধা থাকছে না বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমান-কে ছাড়ার ঘটনায় দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে তৎকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: বিশ্বকাপে খেলা নিয়ে দোটানায় মেসি
তবে পরিস্থিতি বদলেছে। নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আইপিএল সম্প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার ভাষ্য অনুযায়ী, এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আবেদন জমা পড়েনি, তবে কেউ সম্প্রচার করতে চাইলে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি বলেন, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে না মিশিয়ে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হবে।
বিজ্ঞাপন
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, সম্প্রচার ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।
অন্যদিকে, স্টার স্পোর্টস-এর সম্প্রচার নিয়েও কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, কোনো চ্যানেল চাইলে আইপিএল দেখাতে পারবে—এ ক্ষেত্রে সরকার বাধা দেবে না, আবার কাউকে জোরও করা হবে না।
বাংলাদেশ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু জানান, তাদের কাছে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার কোনো নির্দেশনা নেই। ফলে স্টার স্পোর্টস চাইলে বাংলাদেশে সম্প্রচার চালিয়ে যেতে পারবে।
বিজ্ঞাপন
এদিকে আজ বেঙ্গালুরুতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।








