বিশ্বকাপে খেলা নিয়ে দোটানায় মেসি

কাতারে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে বিশ্বকাপ জয়ী হওয়ার আগে লিওনেল মেসি শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছিলেন। তবে নাটকীয় জয়ের পরও আকাশী নীল জার্সিতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নতুন বিশ্বকাপের আর মাত্র ৭৬ দিন বাকি থাকলেও মেসি এখনও নিশ্চিত করেননি, তিনি পরের আসরে খেলবেন কি না। মাঝেমধ্যে ইনজুরির কারণে বিশ্রামে থাকলেও মাঠে তার উপস্থিতি চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন
মৌরিতানিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঘরের মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাকে বেঞ্চে রাখা হবে বলে গুঞ্জন। তাকে বদলি নামানো হতে পারে। এই ম্যাচের আগে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বললেন, মেসি এখনো সিদ্ধান্ত নেননি তিনি এই বিশ্বকাপে খেলবেন কি না।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচকে প্রশ্ন করা হয়েছিল, মেসি আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না। স্কালোনি বললেন, ‘এটা তাকে (মেসি) জিজ্ঞাসা করার মতো প্রশ্ন।’ ২০২২ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ও দেশের সর্বকালের শীর্ষ গোলদাতাকে নিয়ে তার কথা, ‘আমি যতদূর জানি, আপনারাও সেটা জানেন। তার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে আমি সবকিছু করছি। আমি বিশ্বাস করি ফুটবলের ভালোর জন্য তার থাকা উচিত। এই সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। এটা তার ব্যাপার, তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলে গেলেন, ‘এটা কঠিন। কারণ শুধু যে আর্জেন্টাইনরা তাকে দেখতে চায় তা নয়, সবাই চায়। আমি চাই সে খেলুক। কিন্তু সিদ্ধান্ত নেবে সে। মানসিক প্রশান্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার। আমাদের এটা নিয়ে কোনো তাড়া নেই। আমরা জানি সে দলের ও নিজের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে। আমরা আশাবাদী সে থাকবে।’
মেসি দোটানায় থাকলেও জাতীয় দল তার জন্য স্কোয়াড ঘোষণা করছেন স্কালোনি। কোচ নিশ্চিত করেছেন, মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচে মেসি মাঠে থাকবেন। তবে শুরুর একাদশে থাকবেন কি না, সেটা ম্যাচের দিন দেখা যাবে। স্কালোনি বলেন, “ঘরের মাঠে মেসিকে খেলতে দেখা, এবং তার মুহূর্তগুলো উপভোগ করা আর্জেন্টাইনের জন্য দারুণ অভিজ্ঞতা।”
বিজ্ঞাপন
আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর তাদের ‘জে’ গ্রুপে খেলতে হবে অস্ট্রিয়া ও জর্ডানের বিরুদ্ধে।








