Logo

পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৬ মার্চ, ২০২৬, ১৭:৪৪
পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচি সাধারণত পূর্বনির্ধারিত থাকে এবং তা ঘিরে আগে থেকেই নিরাপত্তা ও প্রস্তুতির ব্যস্ততা দেখা যায়। তবে এ ধারা ভেঙে হঠাৎ করেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়ে ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লাল ও সবুজ—দুই দলে বিভক্ত হয়ে খেলোয়াড়রা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন।

এমন সময় পূর্বঘোষণা ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার এই আগমন সম্পর্কে আগে থেকে কেউ অবগত ছিলেন না। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিজ্ঞাপন

স্টেডিয়ামে ঢুকে সরাসরি ডাগআউটে যান প্রধানমন্ত্রী। সেখানে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় ও পরিচিত হন। পরে অ্যাথলেটিক ট্র্যাক ধরে মাঠ প্রদক্ষিণ করেন তিনি। এরপর ডাগআউটে বসেই খেলা উপভোগ করতে থাকেন। কোনো দেশের সরকারপ্রধানের এভাবে ডাগআউটে বসে খেলা দেখার ঘটনা খুব একটা দেখা যায় না।

খেলার বিরতির সময় তিনি ভিভিআইপি লাউঞ্জে গিয়ে আসরের নামাজ আদায় করেন। পরে আবার ডাগআউটে ফিরে এসে খেলা দেখতে থাকেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম কোনো ক্রীড়া আয়োজনে অংশগ্রহণ, তাও আবার হঠাৎ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি স্টেডিয়ামে অবস্থান করে খেলা উপভোগ করছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD