ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে রুখে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনা ও নাটকীয়তায় ভরা ম্যাচে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াই। এর আগে পাকিস্তানকে হারিয়ে দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের জন্য জয় ছিল অপরিহার্য।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। ১৭তম মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক আক্রমণ ও কর্নার পেলেও প্রথমার্ধে তা কাজে লাগাতে পারেননি নাজমুল হুদা ফয়সালরা।
বিজ্ঞাপন
প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটে। যোগ করা সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এতে ভারতের হেড কোচ মহেশ গাউলি হলুদ কার্ড দেখেন। একই সময় দুই দলের কোচিং স্টাফদের মধ্যে বাকবিতণ্ডা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি উভয় দলের কোচকে লাল কার্ড দেখান।
নাটকীয় পরিস্থিতির মধ্যেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে আসা বল দারুণ ভলিতে জালে জড়িয়ে দেন রিয়াদ ফাহিম। তার গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিজ্ঞাপন
বিরতির পরও ম্যাচের গতি কমেনি। উভয় দলই গোলের সন্ধানে আক্রমণ চালাতে থাকে। ৬৩তম মিনিটে ভারতের নিশ্চিত একটি গোলের সুযোগ নস্যাৎ করে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। দ্রুত এগিয়ে এসে প্রতিপক্ষের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন তিনি।
পরবর্তীতে বাংলাদেশের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করে ভারত। এক পর্যায়ে বক্সের বাইরে ফাউলের কারণে ফাহিম হলুদ কার্ড দেখেন। তবে ফ্রি-কিক থেকে বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি ভারত।
শেষ দিকে জয়সূচক গোলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় বাংলাদেশ, কিন্তু সফলতা না পাওয়ায় ম্যাচটি ড্রতেই শেষ হয়। এই ফলেই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন লক্ষ্য নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা।








