অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছান তিনি।
বিজ্ঞাপন
বিসিবির একাধিক পরিচালক তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। রোজার আগে দেশ ছাড়ার পর তিনি কবে ফিরবেন—এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন ছিল।
বোর্ড সংশ্লিষ্টরা আগে জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে মার্চের শেষদিকে দেশে ফেরার কথা ছিল তার। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তার ফেরাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বিজ্ঞাপন
এদিকে বিসিবির সাম্প্রতিক নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ওই নির্বাচন অস্বচ্ছ ও অনিয়মে পরিপূর্ণ ছিল। এ প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেওয়ার কথা রয়েছে। এপ্রিলের শুরুতেই তা প্রকাশ হতে পারে।
তদন্তের অংশ হিসেবে বিসিবি সভাপতির ভূমিকাও খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও দেশে ফেরার পর সরাসরি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে বোর্ডের কার্যক্রম পরিচালনার পাশাপাশি তদন্ত কমিটির মুখোমুখি হতে হতে পারে বুলবুলকে। এরপরই পরিস্থিতি কোন দিকে যায়, তা স্পষ্ট হবে।








