Logo

মঞ্জুরুলের শাস্তিতে অসন্তুষ্ট জাহানারা, তুলে ধরলেন তিন দাবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৩:৪৬
মঞ্জুরুলের শাস্তিতে অসন্তুষ্ট জাহানারা, তুলে ধরলেন তিন দাবি
ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শেষে তাকে ক্রিকেট সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই শাস্তিকে যথেষ্ট মনে করছেন না জাতীয় দলের পেসার জাহানারা আলম। তিনি মূল অভিযুক্তের পাশাপাশি সংশ্লিষ্ট সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাহানারা বলেন, বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে তার ভাষায়, “আমার সঙ্গে যা ঘটেছে, তার তুলনায় এই শাস্তি খুবই কম। আমি আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেছিলাম।”

জাহানারা জানান, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি মঞ্জুরুল ইসলাম ও তার ঘনিষ্ঠদের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তার অভিযোগ, এ সময় তাকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয় এবং আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেবল মঞ্জুরুল নয়, তার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও বিচার হওয়া প্রয়োজন। সাবেক নারী দল ম্যানেজার তৌহিদ মাহমুদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্ত চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভিডিও বার্তায় নারী দলের সাবেক প্রধান কোচ আবদুর রাজ্জাকের কিছু মন্তব্য নিয়েও আপত্তি জানান জাহানারা। তার দাবি, রাজ্জাক মন্তব্য করেছেন যে মঞ্জুরুল এত বড় শাস্তির যোগ্য নন এবং নারী ক্রিকেটাররা সমঝোতার মাধ্যমে খেলেন— যা তিনি প্রত্যাখ্যান করেছেন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও তিনটি দাবি তুলে ধরেন জাহানারা। তার দাবিগুলো হলো— মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা, এ ধরনের অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা এবং ক্রীড়াঙ্গনে নিরাপদ পরিবেশ গড়ে তোলা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নারী ও শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক মানের সেফগার্ডিং নীতি প্রণয়ন জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এই ক্রিকেটার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD