Logo

মারা গেলেন বক্সার ও কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৫:১০
মারা গেলেন বক্সার ও কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী
ছবি: সংগৃহীত

বক্সিং অঙ্গনের পরিচিত মুখ সাবেক জাতীয় বক্সার ও কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মহী জাতীয় পর্যায়ের বক্সার ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচ ও সংগঠকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি নতুন প্রজন্মের বক্সার গড়ে তুলতে কাজ করেছেন। খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর মাঠে নিয়মিতভাবে শিশু-কিশোরদের বক্সিং প্রশিক্ষণ দিতেন।

বক্সিংয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল আজীবনের। খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠক—সব ভূমিকাতেই তিনি সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ বক্সিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক, রেফারি-জাজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং আন্তর্জাতিক বক্সিং কোচ গ্রেড-২ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় দলের চিফ কোচ হিসেবেও কাজ করেছেন।

বিজ্ঞাপন

৬৬ বছর বয়সেও তিনি প্রতিদিন মাঠে সময় দিতেন। তার মৃত্যুতে দেশের বক্সিং অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়াঙ্গনের অনেকেই এটিকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার এক ছেলে সৈয়দ রাশেদ আহমেদ তুর্য একসময় ফুটবলে জাতীয় যুব দলে ছিলেন এবং আরামবাগের হয়ে প্রিমিয়ার লিগেও খেলেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাদ মাগরিব খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

তার মৃত্যুতে বাংলাদেশ বক্সিং ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD