Logo

কবে হবে বিসিবি নির্বাচন, জানালেন তামিম ইকবাল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৯:৩৯
কবে হবে বিসিবি নির্বাচন, জানালেন তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন আগামী জুনের প্রথম সপ্তাহেই আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল। সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলর নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই কমিটির নেতৃত্বে থাকা তামিম ইকবালের দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে প্রেসবক্সে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তামিম জানান, নির্ধারিত সময়ের আগেই নির্বাচন শেষ করতে চান তারা। তার ভাষায়, জুনের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে, আর তা সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহেই ভোট সম্পন্ন করা হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ থাকলেও এতটা দেরি করতে আগ্রহী নন তারা। আগেভাগেই নির্বাচন শেষ করার দিকেই জোর দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, মাঠে ‘বল বয়’ ব্যবস্থা আবার চালুর কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, আগে ম্যাচ চলাকালে বাউন্ডারির পাশে তরুণ ক্রিকেটাররা বল বয়ের দায়িত্ব পালন করতেন, যা এখন বন্ধ রয়েছে। আন্তর্জাতিক মান বজায় রাখতে এই ব্যবস্থা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তামিম জানান, ক্যারিয়ারের শুরুতে তিনিও বল বয় হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে চট্টগ্রামে একটি ম্যাচে এই দায়িত্ব পালন করেছিলেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD