আইসিসি র্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের দারুণ অগ্রগতি

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সের সুফল মিলেছে আইসিসি র্যাংকিংয়ে। সিরিজের দুই ম্যাচ শেষে ১-১ সমতায় থাকা লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের পর ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উন্নতি করেছেন দলের একাধিক ক্রিকেটার।
বিজ্ঞাপন
দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নজর কাড়েন ওপেনার তানজিদ হাসান তামিম। তার এই ইনিংসই তাকে ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে দিয়েছে। বর্তমানে তিনি অবস্থান করছেন ৪০ নম্বরে।
একই ম্যাচে অপরাজিত ৩০ রান করে দলের জয়ে ভূমিকা রাখা তাওহীদ হৃদয়ও এগিয়েছেন র্যাংকিংয়ে। পাঁচ ধাপ উন্নতি করে তিনি এখন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে রয়েছেন। যদিও এই সিরিজে না খেললেও ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
বিজ্ঞাপন
বোলিং বিভাগেও বাংলাদেশের সাফল্য স্পষ্ট। স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা মিলে দ্বিতীয় ম্যাচে ছয়টি উইকেট ভাগাভাগি করেন। এক উইকেট নিয়ে রিশাদ ১০ ধাপ এগিয়ে এখন ৫৮তম স্থানে। অন্যদিকে পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন নাহিদ রানা—৩২ ধাপ লাফিয়ে তিনি উঠে এসেছেন ৬৪ নম্বরে।
দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে ভালো ছন্দে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দুই ম্যাচেই দুটি করে উইকেট নিয়ে তিনি এখন বোলারদের র্যাংকিংয়ে ৩৯ নম্বরে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ র্যাংকিংয়ে কিছুটা পিছিয়েছেন। দুই ম্যাচে মাত্র একটি উইকেট পাওয়ায় তিনি দুই ধাপ নেমে এখন ৮ নম্বরে রয়েছেন। আর চোটের কারণে সিরিজে খেলতে না পারা মুস্তাফিজুর রহমান সাত ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে অবস্থান করছেন।
সিরিজের বাকি ম্যাচগুলোতে পারফরম্যান্স ধরে রাখতে পারলে র্যাংকিংয়ে আরও উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে।








