সাফ নারী ফুটবলে হ্যাটট্রিক মিশনে ভারতের গ্রুপে বাংলাদেশ

টানা দুইবার শিরোপা জয়ের পর এবার হ্যাটট্রিক লক্ষ্য নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে নামছে বাংলাদেশ। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া আসরের ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নরা পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ।
বিজ্ঞাপন
বুধবার ঢাকায় সাফের কার্যালয়ে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়। সর্বশেষ ফিফা নারী র্যাংকিং অনুযায়ী দলগুলোকে তিনটি পটে রাখা হয়। বাংলাদেশ ছিল দ্বিতীয় পটে, শ্রীলঙ্কার সঙ্গে। সেখান থেকে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম উঠে ‘বি’ গ্রুপে স্থান পায়।
এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ভারত, আর তৃতীয় দল মালদ্বীপ। অন্যদিকে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল গ্রুপপর্বে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দুই দল সেমিফাইনালে উঠবে। ‘এ’ গ্রুপে নেপালকে এগিয়ে রাখা হচ্ছে শক্তিমত্তার বিচারে। ফলে বাংলাদেশ যদি নিজেদের গ্রুপে শীর্ষে থাকতে পারে, তাহলে সেমিফাইনালে নেপালকে এড়ানোর সুযোগ থাকবে।
ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে আগে কিছু অনিশ্চয়তা থাকলেও বর্তমানে পরিস্থিতি ইতিবাচক। সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশ নারী দলকে গোয়ায় পাঠাতে সম্মতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিও শুরু করছে বাংলাদেশ দল। আগামী পরশু চট্টগ্রামে শুরু হবে তাদের নিবিড় অনুশীলন ক্যাম্প। পাশাপাশি দেশের বাইরে অনুশীলনের পরিকল্পনাও রয়েছে দলের।
বিজ্ঞাপন
টানা দুই আসরের চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।








