Logo

নাহিদ রানাকে এড়িয়ে চলতে চাইবে প্রতিপক্ষ দল: শন টেইট

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৭:২৩
নাহিদ রানাকে এড়িয়ে চলতে চাইবে প্রতিপক্ষ দল: শন টেইট
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে আলোচনায় উঠে এসেছেন পেসার নাহিদ রানা। তার আগুনঝরা বোলিংয়ে কিউই ব্যাটাররা দিশেহারা হয়ে পড়ে। ম্যাচটিতে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট।

বিজ্ঞাপন

বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে টেইট বলেন, নাহিদ বর্তমানে দারুণ ছন্দে আছেন এবং তার ফিটনেসও সন্তোষজনক। তিনি বলেন, “সে যেভাবে বল করছে, তাতে বোঝা যায় সে ভালো অবস্থায় আছে। তার গতি এবং অ্যাথলেটিক সক্ষমতা অসাধারণ। এভাবে বোলিং করলে কোনো প্রতিপক্ষই তাকে মোকাবিলা করতে চাইবে না। বরং সে যদি দলে না থাকে, প্রতিপক্ষই বেশি স্বস্তি পাবে।”

নাহিদের বোলিং দেখে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের কথা মনে পড়ে গেছে বলেও জানান টেইট। তিনি বলেন, “একজন ফাস্ট বোলার যখন শুরুতেই উইকেট নেয় এবং পরে টেল-এন্ডারদের ইয়র্কারে বিপদে ফেলে—নাহিদের মধ্যে সেই গুণগুলো দেখা গেছে। বিষয়টি সত্যিই উপভোগ্য।”

বিজ্ঞাপন

নিজের সঙ্গে তুলনা টানতে গিয়ে টেইট বলেন, নাহিদ একজন স্বাভাবিক ফাস্ট বোলার, বিশেষ করে গরম আবহাওয়ায়ও সে দারুণভাবে মানিয়ে নিতে পারে। তিনি উল্লেখ করেন, “আমি তার চেয়ে বেশি ইনজুরিপ্রবণ ছিলাম। কিন্তু সে খুব ফিট। তার গড়ন পাতলা হওয়ায় গতি তুলতে সুবিধা হয় এবং এটিই তাকে আরও কার্যকর বোলার করে তুলছে।”

নাহিদের ধারাবাহিক পারফরম্যান্সে দলের বোলিং আক্রমণে নতুন শক্তি যোগ হয়েছে বলেও মনে করছেন টিম ম্যানেজমেন্ট। সামনে সিরিজের বাকি ম্যাচগুলোতেও তার কাছ থেকে একই রকম পারফরম্যান্স প্রত্যাশা করছে দল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD