নেপালের কাছে হার, সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গ্রুপ সেরা হয়ে শক্তিশালী প্রতিপক্ষ এড়ানোর সুযোগ থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩৬-৩৮ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচটি ছিল মূলত গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের। শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রথমার্ধ শেষে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।
বিরতির পর বাংলাদেশ সমতায় ফেরার চেষ্টা চালালেও নেপালের দৃঢ় রক্ষণ এবং কার্যকর রেইডে ব্যবধান বজায় থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩৮-৩৬, যেখানে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে জয় পায় নেপাল।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়। পরে সূচি পরিবর্তন করে আজ ম্যাচটি আয়োজন করা হয়।
গ্রুপে রানারআপ হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে ভারত। বিকেলে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেমিফাইনালে পরাজিত হলেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে।








