Logo

এক ম্যাচে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিল পিসিবি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৬, ১৫:৪১
এক ম্যাচে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিল পিসিবি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ম্যাচগুলো শুরুতে দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই অসন্তোষ জানিয়ে আসছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে ফাইনালসহ এখনও বাকি রয়েছে ৮টি ম্যাচ। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধের পর শেষ পর্যন্ত শুধুমাত্র ফাইনাল ম্যাচে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে পিসিবি।

আজ (শনিবার) ও আগামীকাল চার ম্যাচ দিয়ে পিএসএলের লিগপর্ব শেষ হবে। এরপর কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ শেষে ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে শিরোপানির্ধারণী ফাইনাল। সেদিনই কেবল দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। আজ সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটভক্তরা, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির অনুমতি দিতে অনুরোধ করেছিলাম। তিনি নিজেও বিষয়টি নিয়ে আগ্রহী ছিলেন, তবে একইসঙ্গে জ্বালানী খরচ কমানোর লক্ষ্যে পাকিস্তানজুড়ে বর্তমান মিতব্যয়ী পদক্ষেপের ওপরও জোর দিয়েছেন। এরই মাঝে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে পিএসএল এলেভেনের ফাইনালে দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছেন তিনি।’

এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া পিএসএলের ১১তম আসর ৮ দলের অংশগ্রহণে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে। অঞ্চলভিত্তিক ক্রিকেটভক্তদের মাঠে বসে আরও বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল পিসিবির। তবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পিএসএল কেবল লাহোর ও করাচিতে কমিয়ে আনা হয়। এমনকি সিদ্ধান্ত হয়– খেলা হবে দর্শকশূন্য মাঠে। যা নিয়ে শুরু থেকেই নিজেদের ক্ষোভ ও হতাশা জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিজ্ঞাপন

দর্শক ছাড়া ম্যাচ হওয়ায় পিএসএলের স্বাভাবিক উৎসব ও উত্তেজনা হারিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজি মালিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উদ্বেগ জানান। লাহোর কালান্দার্সের মালিক আতিফ রানা বলেন, “পিএসএল পাকিস্তান ক্রিকেটের উৎসব, কিন্তু দর্শক ছাড়া এটি অসম্পূর্ণ।” একইভাবে করাচি কিংসের মালিক সালমান ইকবাল বলেন, “প্রতিষ্ঠাতা মালিক হিসেবে খালি স্টেডিয়াম দেখা খুবই কষ্টকর। পিএসএল জনগণের শক্তির ওপর চলে, তাই দর্শকদের মাঠে ফেরার সুযোগ দেওয়া উচিত।”

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD