Logo

শান্তর সেঞ্চুরি ও মুস্তাফিজের ফাইফারে সিরিজ জয় বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৯:৩৩
শান্তর সেঞ্চুরি ও মুস্তাফিজের ফাইফারে সিরিজ জয় বাংলাদেশের
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুই দলের লড়াই হয়ে ওঠে শিরোপার। এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত ফাইফারের ওপর ভর করে ৫৫ রানের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

বিজ্ঞাপন

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে। জবাবে ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৫ রানের ইনিংস খেলেন শান্ত। লিটন কুমার দাস করেন ৭৬ রান। এছাড়া মাঝারি অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ (২২), তাওহীদ হৃদয় (৩৩*) এবং শরিফুল ইসলাম (১), তানভীর ইসলাম (০)।

বিজ্ঞাপন

ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে সাজঘরে ফেরেন সাইফ হাসান। এরপর তানজিদ হাসান তামিমও করেন মাত্র ১ রান।

৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শান্ত ও সৌম্য সরকার। তবে ২৬ বলে ১৮ রান করে সৌম্য আউট হলে ভেঙে যায় জুটি।

চতুর্থ উইকেটে শান্ত ও লিটন দারুণভাবে ইনিংস গড়ে তোলেন। শুরুতে ধীরগতিতে খেললেও পরে কিউই বোলারদের ওপর চাপ বাড়ান তারা। দুজন মিলে গড়েন ১৬০ রানের জুটি, যা বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত দেয়।

বিজ্ঞাপন

লিটন ৭৬ রান করে থামেন, আর শান্ত তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তার ১১৯ বলের ১০৫ রানের ইনিংসটি ৯ চার ও ২ ছয়ে সাজানো।

২৬৬ রানের লক্ষ্যে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে হেনরি নিকোলসকে (৪) ফেরান মুস্তাফিজুর রহমান, ভাঙে উদ্বোধনী জুটি।

বিজ্ঞাপন

উইল ইয়াং (১৯) ও অধিনায়ক টম ল্যাথাম (৫) দ্রুত ফিরে গেলে ৫৪ রানে ২ উইকেট হারায় কিউইরা। পরে নিক কেলি ফিফটি (৫৯) করলেও তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ, যা ম্যাচের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।

নিক কেলি ও মোহাম্মদ আব্বাসের প্রতিরোধও বেশি দূর এগোয়নি। আব্বাস করেন ২৫ রান। পরে ডিন ফক্সক্রফটের ৭৫ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমায়।

বিজ্ঞাপন

মুস্তাফিজুর রহমান ৩০ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস ধসিয়ে দেন। শরিফুল ইসলাম নেন ২ উইকেট, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা নেন ১টি করে উইকেট।

শেষ পর্যন্ত ২১০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD