Logo

বিসিবির নতুন পরিকল্পনা, কোচ সালাউদ্দিন হচ্ছেন এইচপির প্রধান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৩:২৮
বিসিবির নতুন পরিকল্পনা, কোচ সালাউদ্দিন হচ্ছেন এইচপির প্রধান
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ শক্ত ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুত করতে এই ইউনিটকে কেন্দ্র করে প্রতি বছরই আলাদা পরিকল্পনা সাজায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন মৌসুমকে সামনে রেখে এবারও এইচপি বিভাগ নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে এইচপির প্রধান কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করা এই কোচের ওপরই পরের মৌসুমের জন্য ভরসা রাখতে যাচ্ছে বিসিবি। চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি বিভাগ নিয়ে বসবেন। এরপর জানা যাবে বিস্তারিত। এ ছাড়া এবারের এইচপি বিভাগে থাকছে না কোনো বয়সের মানদণ্ড।

সবকিছু ঠিক থাকলে এইচপির ট্রেনিং শুরু হবে আগামী মে মাসে। এরপর জুন মাসে জিম্বাবুয়ে ‘এ’ দল এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথাও রয়েছে এইচপি দলের। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলার সূচি রয়েছে। এতে করে ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে ক্রিকেটাররা।

এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি বিভাগের ক্রিকেটারদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে, নতুন মৌসুমে এইচপি বিভাগকে ঘিরে বিসিবির পরিকল্পনা বেশ বিস্তৃত এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য সামনে রেখেই তা সাজানো হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD