Logo

১৩ মাসের সন্তান রেখে বিশ্বকাপে যাচ্ছেন নাসরিন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৮:৫৭
১৩ মাসের সন্তান রেখে বিশ্বকাপে যাচ্ছেন নাসরিন
ছবি: সংগৃহীত

আগামী ৫ মে চীনের সাংহাইয়ে শুরু হতে যাচ্ছে আর্চারি বিশ্বকাপ স্টেজ-২। এই আসরে বাংলাদেশের ১৩ জন আর্চার অংশ নেবেন। তাদের মধ্যেই বিশেষভাবে আলোচনায় রয়েছেন রিকার্ভ বিভাগের নারী আর্চার নাসরিন আক্তার। মাত্র ১৩ মাস বয়সী সন্তানকে দেশে রেখে জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান নাসরিন। তিনি বলেন, ছোট সন্তানকে রেখে বিদেশে যাওয়া একজন মায়ের জন্য সহজ নয়। সন্তান এখনো খুব ছোট, তাই মাকে খুঁজবে—এই চিন্তা থাকলেও দেশের হয়ে খেলার দায়িত্বকে প্রাধান্য দিয়েছেন তিনি।

নাসরিন জানান, পরিবারের সহযোগিতা না থাকলে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। তারা সন্তানের দেখভালের দায়িত্ব নিয়েছেন, তবুও মায়ের অনুপস্থিতি শিশুর জন্য কঠিন হবে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নাসরিনের মানসিক দৃঢ়তার প্রশংসা করে বলেন, মাতৃত্বের পরও তার পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যায়নি। তিনি জানান, কঙ্গোতে এক বছর দায়িত্ব পালনের পর নাসরিন আবার প্রতিযোগিতামূলক আর্চারিতে ফিরে এসেছেন এবং আগের মতোই পারফর্ম করছেন।

চীন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য প্রসঙ্গে কোচ বলেন, মূল লক্ষ্য সামনে থাকা এশিয়ান গেমসের প্রস্তুতি নেওয়া, তবে বিশ্বকাপেও ভালো করার প্রত্যাশা রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি থাইল্যান্ডে এশিয়া কাপে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের পর দল নিয়ে প্রত্যাশা বেড়েছে। দলের সদস্য হিমু বাছাড় বলেন, সেই সাফল্যের ধারাবাহিকতা বিশ্বকাপেও ধরে রাখতে চান তারা।

এদিকে এশিয়া কাপ জয়ী আর্চার হিমু বাছাড়, ঐশ্বর্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে ৪০০ ডলার করে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি কোচিং স্টাফদেরও দেওয়া হয়েছে ২০০ ডলার করে সম্মাননা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD