Logo

সাফে হ্যাটট্রিক মিশনে বাংলাদেশ, দলে নেই স্বপ্না-মুনকি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৭:৪৬
সাফে হ্যাটট্রিক মিশনে বাংলাদেশ, দলে নেই স্বপ্না-মুনকি
ছবি: সংগৃহীত

আসন্ন সাফ টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া এই আসরের আগে দলটি বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানেই দুই সপ্তাহের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ শেষে গোয়ার পথে যাত্রা করবে দল।

বিজ্ঞাপন

টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে। প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুটি ক্লাব দলের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে এবারের দলে জায়গা পাননি মিডফিল্ডার স্বপ্না রাণী ও মুনকি আক্তার। পারফরম্যান্সের কারণে তাদের বাদ দেওয়া হয়েছে। চোটের কারণে স্কোয়াডে নেই নবীরনও।

বিজ্ঞাপন

সাবেক অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে আগের দুটি শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সর্বশেষ সাফের পর কোচ বাটলারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা এবার দলে নেই। তাদের ছাড়াই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছে দলটি। অন্যদিকে অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার আনিকা দলে সুযোগ পেয়েছেন।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, দলকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়েই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৩১ মে ভারতের বিপক্ষে। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ জুন।

২৩ সদস্যের স্কোয়াড: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি ও শামসুন্নাহার জুনিয়র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD