Logo

বিসিবির ‘টয়লেটে’ দুর্নীতি, ক্ষুব্ধ তামিম ইকবাল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ মে, ২০২৬, ১৬:০৪
বিসিবির ‘টয়লেটে’ দুর্নীতি, ক্ষুব্ধ তামিম ইকবাল
তামিম ইকবাল | ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এর অংশ হিসেবে এবার স্টেডিয়ামের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আনলেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম জানান, স্টেডিয়াম পরিদর্শনের সময় পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে গুরুতর অসঙ্গতি তার নজরে আসে। নিয়ম অনুযায়ী, কর্মীদের প্রতিদিন ৬৫০ টাকা দেওয়ার কথা থাকলেও অনেকেই বাস্তবে মাত্র ৩০০ টাকা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, নির্ধারিত মজুরি থেকে এমন বড় অঙ্কের টাকা কেটে নেওয়ার ঘটনা তাকে বিস্মিত করেছে। বিশেষ করে নিম্নআয়ের শ্রমিকদের ক্ষেত্রে এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় এক নারী পরিচ্ছন্নতাকর্মীও একই অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, তারা প্রতিদিন ৩০০ টাকা করে পারিশ্রমিক পান এবং বিষয়টি সংশোধনের দাবি জানান।

তামিম আরও বলেন, ২০০৭ সালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চালুর পর থেকে এর ওয়াশরুম বা বাথরুম ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। ফলে দর্শনার্থীদের জন্য সুবিধাগুলো সন্তোষজনক নয়।

বিজ্ঞাপন

বিদেশি দর্শকদের কাছ থেকেও ওয়াশরুমের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ পেয়েছেন বলে জানান তিনি। এ পরিস্থিতি তাকে বিব্রত করেছে উল্লেখ করে দ্রুত উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বিসিবি সভাপতি।

এদিকে পরিচ্ছন্নতা সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তামিম ইকবাল। তিনি বলেন, ভবিষ্যতে শ্রমিকদের প্রাপ্য মজুরি নিশ্চিত না হলে চুক্তি বাতিল করা হবে এবং দায়ী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD