ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করতে স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। একই সঙ্গে ফুটবল উন্নয়ন, কোচ নিয়োগ ও ফিফার অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক আলোচনায় জাইমা রহমানকে ক্রীড়া সংশ্লিষ্ট কাজে যুক্ত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তার মতে, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে ক্রীড়া কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়ার সুযোগ-সুবিধা বাড়ানো এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক স্পোর্টস উইং চালু করা হয়েছে বলেও জানান তিনি।
আমিনুল হক আরও বলেন, জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তরুণদের ক্রীড়া উদ্যোগের প্রশংসা করেছেন এবং খেলাধুলার প্রসারে গুরুত্ব দিয়েছেন। এটি দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন সূচনা হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, প্রধানমন্ত্রীর পরিবারও ক্রীড়াবান্ধব দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে দেশের বিভাগ ও জেলাগুলোতে খেলাধুলার কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কোচ নির্বাচন করবে। আর্থিক সীমাবদ্ধতা থাকলে সরকার আলোচনার মাধ্যমে সহযোগিতা করবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, জমি সংক্রান্ত জটিলতা নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।








