কাল হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব

হয়রানি না করার নিশ্চয়তা কাল পেলে পরশুই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তিনি বলেন, প্রয়োজনীয় আশ্বাস মিললে পরদিনই দেশে ফেরার প্রস্তুতি নেবেন। এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাকিব।
বিজ্ঞাপন
রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি জানান, ক্রিকেট ক্যারিয়ার শেষের পর পুরোপুরি রাজনীতিতে সময় দিতে চান। দল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন তিনি।
দলীয় আনুগত্যের বিষয়ে সাকিব বলেন, ছোট দলেও খেললেও সবসময় সেই দলের প্রতিই বিশ্বস্ত ছিলেন। রাজনীতিতেও একই অবস্থানে থাকতে চান।
বিজ্ঞাপন
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো দলকে দীর্ঘদিন নিষিদ্ধ রাখা সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। জোর করে কিছু সময় দমন করা গেলেও তা স্থায়ী সমাধান নয়।
রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে এই চক্র চলতেই থাকবে। যে দল এই সংস্কৃতি ভাঙতে পারবে, তারাই মানুষের আস্থা অর্জন করবে।
নির্বাচন প্রসঙ্গে সাকিব জানান, সুষ্ঠু ভোট হলে নিজের এলাকায় জনগণের সমর্থন পাবেন বলে তার বিশ্বাস। আসন্ন নির্বাচনেও অংশ নেওয়ার আগ্রহ ছিল, তবে পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত আছেন। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়া চলাকালে অপ্রয়োজনীয় চাপ না দেওয়ার দাবি জানান তিনি।
২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন সাকিব। তবে তার মেয়াদ ছিল প্রায় সাত মাস। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলা মোকাবিলায় দেশে ফিরতে চাইলেও নিরাপত্তা ও হয়রানির আশঙ্কাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন তিনি।








