আওয়ামী লীগের রাজনীতিই করতে চান সাকিব আল হাসান

ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে দীর্ঘ সময় তিনি সংসদীয় দায়িত্বে সক্রিয় থাকতে পারেননি।
বিজ্ঞাপন
বর্তমানে সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও সাকিবকে ঘিরে রাজনৈতিক আলোচনা থেমে নেই। সম্প্রতি একটি অনলাইন মাধ্যমে দেওয়া ফোন সাক্ষাৎকারে তিনি রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
সাকিব আল হাসান বলেন, রাজনীতিতে গেলে আওয়ামী লীগের সঙ্গেই যুক্ত থাকতে চান তিনি। তার ভাষায়, “সেটাই তো হওয়ার কথা, তাই না? আমার এত দল পরিবর্তনের শখ নেই, ইচ্ছাও নেই, আর কোনো দিন ছিল না। আমি কখনও এমনটা করিনি।”
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিজের অবস্থান পরিবর্তনের অভ্যাস নেই তার। “আমি যদি কোনো ছোট দলে একবারও নাম লিখিয়ে থাকি, ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই,” যোগ করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকার বিষয়টিও তুলে ধরেন সাকিব। তিনি বলেন, “এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? কেউ কি কাউকে আজীবন নিষিদ্ধ করে রাখতে পারে? এটা তো গণতান্ত্রিক অধিকার। দেশের বড় একটি অংশকে এভাবে দমিয়ে রাখা যায় না।”
বিজ্ঞাপন
এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি।








