কোটি টাকার স্পন্সর পেল হকি ফেডারেশন

বাংলাদেশ নারী হকি দলের সাম্প্রতিক সাফল্যের পর হকিতে এসেছে বড় অঙ্কের পৃষ্ঠপোষকতা। এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্স আপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করা নারী দলের সাফল্যকে কেন্দ্র করে খেলাটিতে নতুন বিনিয়োগ যুক্ত হলো।
বিজ্ঞাপন
জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ নারী ও পুরুষ হকি দল। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনকে এক কোটি টাকা দেবে ইপিলিয়ন গ্রুপ। রোববার বিকেলে ফেডারেশন ও ইপিলিয়ন গ্রুপের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, সবকিছু ঠিক থাকলে ২৬ মে দুই দল জাপানের উদ্দেশ্যে রওনা দেবে। এই টুর্নামেন্টের মোট ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ এই পৃষ্ঠপোষকতা থেকে আসবে, বাকি অর্থ ফেডারেশন সংগ্রহ করবে।
বিজ্ঞাপন
ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাদেকুজ্জামান খান বলেন, খেলাধুলার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন। এর আগে তারা ফুটবল, ক্রিকেট ও কাবাডিতেও পৃষ্ঠপোষকতা করেছে, এবার হকিতে যুক্ত হলো।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির দিকেই তাদের মূল গুরুত্ব। অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় দলে খেলবে, তাই তারা হকির উন্নয়ন অংশীদার হতে চায়।
এদিকে নারী হকিতে আগেই পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। তাদের মতো ইপিলিয়ন গ্রুপকেও পুরুষ হকির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ফেডারেশন।
বিজ্ঞাপন
ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজউদ্দিন আল মামুন একজন ক্রীড়া সংগঠক। তিনি একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন। তার প্রতিষ্ঠান নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করেছে। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে ইপিলিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাছাইকৃত খেলোয়াড়রা পরবর্তীতে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।








