Logo

ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ভেন্যু

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ মে, ২০২৬, ১৪:১৯
ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ভেন্যু
ছবি: সংগৃহীত

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই নতুন উদ্বেগ তৈরি হয়েছে আয়োজক দেশ মেক্সিকোতে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত ঐতিহাসিক আসতেকা স্টেডিয়াম ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে বলে জানিয়েছে নাসা।

বিজ্ঞাপন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে, মেক্সিকো সিটির বিখ্যাত এই স্টেডিয়ামটি প্রতিবছর সর্বোচ্চ ১০ ইঞ্চি পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এমন তথ্য প্রকাশ পাওয়ায় ফুটবল অঙ্গনে আলোচনা ও উদ্বেগ বেড়েছে।

আগামী ১১ জুন এই মাঠেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। তিন দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে আজতেকা স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তগুলোর সাক্ষী এই স্টেডিয়াম। বিশেষ করে দিয়েগো মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের কারণে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে ভেন্যুটি। তবে বর্তমানে স্টেডিয়ামের বিশাল কংক্রিট কাঠামোর কিছু অংশ ধীরে ধীরে বসে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে।

নাসার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ভূগর্ভস্থ জলাধার থেকে অতিরিক্ত পানি উত্তোলনের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। শুধু স্টেডিয়াম নয়, পুরো মেক্সিকো সিটির বড় অংশই নিয়মিতভাবে নিচের দিকে ধসে যাচ্ছে। সংস্থাটির তথ্যমতে, শহরের বিভিন্ন এলাকা প্রতি মাসে গড়ে প্রায় আধা ইঞ্চি পর্যন্ত দেবে যাচ্ছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতি পর্যবেক্ষণে অত্যাধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করেছে নাসা। মহাকাশ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় মাটির নিচের স্তর সংকুচিত হয়ে পড়ছে।

মারিন গভোর্চিন বলেন, ভূগর্ভস্থ জলাধার থেকে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে মাটির নিচের স্তর শহরের ভার বহন করতে পারছে না। ফলে ধীরে ধীরে ভূমি নিচে নেমে যাচ্ছে।

প্রায় ৮৭ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামকে ঘিরে এখন নতুন করে নিরাপত্তা ও অবকাঠামোগত সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও ভূগর্ভস্থ পানি উত্তোলন কমানো বা স্টেডিয়ামের ধসের গতি নিয়ন্ত্রণে আয়োজক কর্তৃপক্ষ কোনো বড় উদ্যোগ নেবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সূত্র : জিওনিউজ

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD