মুক্তি পেল ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের।
বিজ্ঞাপন
সপ্তাহখানেক আগে এক মিনিট সাত সেকেন্ডের টিজারের মাধ্যমে গানের আভাস দেওয়া হয়েছিল। শুক্রবার (১৫ মে) বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পুরো গানটি প্রকাশ করা হয়।
ফিফা জানিয়েছে, গানটি থেকে অর্জিত রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে এ খাত থেকে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।
বিজ্ঞাপন
বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ১১ জুন পর্দা উঠবে এই আসরের, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর।
ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালের বিরতিতে ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস পরিবেশনা করবেন।
তিন মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’ গানটি বিশ্বকাপজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস বাড়াবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
বিশ্বকাপের মঞ্চে শাকিরা নতুন নন। ২০১০ সালে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় থিম সং হিসেবে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও তিনি পারফর্ম করেছিলেন।








