Logo

প্রথম সেশনেই ৪ উইকেট তুলে ম্যাচে ফিরল টাইগাররা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১২:৫৬
প্রথম সেশনেই ৪ উইকেট তুলে ম্যাচে ফিরল টাইগাররা
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৭৮ রানে গুটিয়ে গিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জবাবে প্রথম দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনের সকালের সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। দুর্দান্ত বোলিংয়ে এক সেশনেই ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে শক্ত অবস্থানে ফিরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। আগের দিনের সংগ্রহে মাত্র ১ রান যোগ হতেই আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তিনি। এরপর দলীয় স্কোরে আরও ১ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ওপেনার আজান আওয়াইস। পাকিস্তানের দুই ওপেনারকেই ফেরান তাসকিন। মাত্র ২৩ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।

শুরুর ধাক্কা সামাল দিতে এরপর জুটি গড়েন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। দুজন মিলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তবে সেই প্রতিরোধ ভেঙে দেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। দলীয় ৬১ রানে শান মাসুদকে ফিরিয়ে দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই সৌদ শাকিলকেও আউট করেন তিনি। এতে ৭৯ রানেই ৪ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে পাকিস্তান।

বিজ্ঞাপন

তবে এরপর সেশনের বাকি সময়টুকু সাবধানে খেলেন বাবর আজম ও সালমান আলী আগা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। বাবর আজম ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের তুলনায় এখনো ১৮২ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এর আগে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টে জয় কিংবা ড্র করতে পারলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD