ব্যান্ডেজ নিয়েই অনুশীলনে এমি মার্টিনেজ, বিশ্বকাপে খেলবেন তো?

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৯ দিন। মহাযুদ্ধের আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ–এর আঙুলের চোট। তবে দলের প্রথম অনুশীলনে অংশ নিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
বিজ্ঞাপন
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার প্রথম দিনের অনুশীলন শেষে মার্টিনেজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তার বাঁ হাত পুরোপুরি ব্যান্ডেজে মোড়ানো। জানা গেছে, ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম আপের সময় আঙুলে চিড় ধরেছিল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এই গোলরক্ষকের।
ইনস্টাগ্রাম পোস্টে মার্টিনেজ লেখেন, “প্রথম দিন, অনেক উৎসাহ নিয়ে শুরু করেছি। সবকিছু আগের মতো করতে পারছি না বলে খারাপ লাগছে। তবে বন্ধুদের সঙ্গে এবং দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত।”
বিজ্ঞাপন

পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, তিনি পায়ে বল নিয়ন্ত্রণের অনুশীলন করছেন। তবে চোট পাওয়া বাঁ হাত ব্যবহার করতে পারছেন না। বিশেষভাবে অনামিকা ও কনিষ্ঠ আঙুল ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় ছিল তার।
লিওনেল স্কালোনি–এর দলের একাধিক ফুটবলারই ছোটখাটো চোট নিয়ে অনুশীলনে অংশ নিচ্ছেন। তাদের মতো মার্টিনেজও এখনো পূর্ণমাত্রার অনুশীলনে ফিরতে পারেননি। তবে আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফ আশাবাদী, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
বিজ্ঞাপন
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচেই গোলবারের নিচে দেখা যাবে মার্টিনেজকে। তবে কোনো ঝুঁকি নিতে চায় না দল। তাই বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো হবে না।








