Logo

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় সুখবর

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ জুন, ২০২৬, ২০:৪৭
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় সুখবর
ছবি: সংগৃহীত

একটি দুষ্টচক্রের কারণে কাতার বিশ্বকাপ সম্প্রচারে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সেই অভিজ্ঞতার পর আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি দেখতে পারবেন কি না—এ নিয়ে তৈরি হয়েছিল বড় অনিশ্চয়তা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিটিভি সরাসরি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে যোগাযোগ করে একটি চূড়ান্ত সমঝোতার দিকে এগোচ্ছে। সবকিছু ঠিক থাকলে বুধবার ফিফার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হতে পারে বাংলাদেশ টেলিভিশনের। এরপরই বিটিভি থেকে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব শুরুতে কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তবে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফিফা চুক্তি বাতিল করে দেয়। অতিরিক্ত অর্থ দাবি করায় বিটিভিও শুরু থেকেই বিষয়টি নিয়ে অনাগ্রহ দেখিয়ে আসছিল। তবে এখন সরকারি এই টেলিভিশন প্রতিষ্ঠানটি সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় গিয়ে দেশের কোটি কোটি দর্শকের জন্য খেলা দেখানোর সম্ভবনার দুয়ারে পৌঁছে গেছে।

বিজ্ঞাপন

বিটিভি যদি সম্প্রচার স্বত্ব পায়, তাহলে এই চ্যানেলের মাধ্যমে দেশের আরও দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করতে পারে বলে জানা গেছে। তবে কোনো পক্ষই এখনই আনুষ্ঠানিক চুক্তি ছাড়া বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে চাইছে না। বুধবার বিটিভির ঘোষণা এলেই সংশ্লিষ্ট বেসরকারি চ্যানেল দুটিও নিজেদের সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছিল। বিশেষ করে দেশের বৃহৎ অংশের দর্শক ফ্রি-টু-এয়ার সম্প্রচারের জন্য বিটিভির ওপর নির্ভরশীল। ফলে সম্প্রচার অধিকার নিয়ে জটিলতা তৈরি হওয়ার খবর প্রকাশের পর ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দেয়। এবারের বিশ্বকাপ নিয়ে উম্মাদনা বিলম্বিত হওয়ার কারণ হিসেবে খেলা দেখার অনিশ্চয়তাকে বড় করে দেখছিলেন সবাই।

বিজ্ঞাপন

বিটিভি যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা দেয়, তাহলে তা দেশের কোটি কোটি দর্শকের জন্য বড় স্বস্তির খবর হবে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের দর্শকরা বিনামূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন, যা দেশের ফুটবল সংস্কৃতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এখন সবার নজর বুধবার বিটিভির সম্ভাব্য ঘোষণার দিকেই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD