বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম ইকবাল

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলমান বোর্ড নির্বাচনে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
বিজ্ঞাপন
রবিবার (৭ জুন) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তামিম ইকবাল বেলা ১১টা ৩৫ মিনিটে নিজের ভোট প্রদান করেন। ভোটকেন্দ্রে এসে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।
একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেনও। তিনি ক্যাটাগরি-১ এ ভোট দিয়েছেন।
বিজ্ঞাপন
এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লাব ক্যাটাগরির লড়াই। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক।
তাদের মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-০১ থেকে। অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করে। আরেকজন নির্বাচিত হয়েছেন ক্যাটেগরি-৩ থেকে। যেখানে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।
তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।
বিজ্ঞাপন
এদিকে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থারও ব্যবহার করা হচ্ছে। জানা গেছে, মোট ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।








