Logo

জমকালো আয়োজনে আজতেকায় পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ২৪:৩৩
জমকালো আয়োজনে আজতেকায় পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক কার্যক্রম। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় আসরের প্রথম লড়াই। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য সাজানো হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান।

বিজ্ঞাপন

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংগীতাঙ্গনের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। মঞ্চের অন্যতম আকর্ষণ ছিলেন শাকিরা এবং বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই পরিবেশন করেন।

এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি অফিসিয়াল সংগীত ডিএনএ–এর বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অনুষ্ঠানে অংশ নেন দেশটির খ্যাতিমান শিল্পীরাও। মঞ্চ মাতান মানা, বেলিন্ডা, লিলা ডাউনস এবং লোস অ্যাঞ্জেলেস আজুলিস। পাশাপাশি মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন কিংবদন্তি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ।

লাতিন সংগীতের আবহ আরও প্রাণবন্ত করে তোলেন ড্যানি ওশেন, জে বালভিন এবং রায়ান কাস্ত্রো।

তবে উদ্বোধনী উৎসব কেবল মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রও আয়োজন করেছে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। ১২ জুন টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে অনুষ্ঠিত হবে কানাডার অনুষ্ঠান। সেখানে পারফর্ম করার কথা রয়েছে নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

বিজ্ঞাপন

অন্যদিকে ১৩ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠিত হবে দেশটির উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা, রেমা এবং টাইলা।

সব মিলিয়ে তিন আয়োজক দেশ বিশ্বকাপের উদ্বোধনকে ঘিরে সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উন্মাদনা যোগ করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD