Logo

সিরিজ বাঁচাতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ১২:০১
সিরিজ বাঁচাতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি অধ্যায় শুরু করলেও প্রথম ম্যাচে ৪ উইকেটের পরাজয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি স্বাগতিকদের জন্য কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে। এই ম্যাচে হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। অন্যদিকে জয় পেলে সমতায় ফিরবে বাংলাদেশ, আর সিরিজের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার অনুশীলনের পরিবর্তে বিশ্রাম নিয়েছে বাংলাদেশ দল। ক্রিকেটাররা জিম ও সুইমিংপুলে সময় কাটিয়ে নিজেদের সতেজ রাখার চেষ্টা করেছেন।

বিজ্ঞাপন

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরাজয়ের মূল কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। ৩৯ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই ধসে পড়ে ইনিংস। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিসের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

তবে বোলিং বিভাগ কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম শুরুতেই প্রতিপক্ষকে চাপে রাখেন। অভিষেক ম্যাচে দুই উইকেট নিয়ে আলোচনায় আসেন আব্দুল গাফ্ফার সাকলাইনও। কিন্তু স্বল্প পুঁজি নিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে আটকে রাখা সম্ভব হয়নি। কুপার কনোলির ৪৭ রানের ইনিংসে ভর করে ১৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তির খবর হতে পারে নিয়মিত অধিনায়ক লিটন দাসের সম্ভাব্য প্রত্যাবর্তন। কাফ মাসলের চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন তাওহিদ হৃদয়। লিটন দলে ফিরলে ব্যাটিং ও নেতৃত্ব—দুই ক্ষেত্রেই বাড়তি শক্তি পাবে বাংলাদেশ।

প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন তাওহিদ হৃদয়। তার মতে, ব্যাটিং ইউনিটের ব্যর্থতাই পরাজয়ের বড় কারণ ছিল। ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। একই সঙ্গে বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসাও করেছেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক।

দ্বিতীয় ম্যাচের আগে উইকেট নিয়েও আলোচনা চলছে। প্রথম ম্যাচে ব্যবহৃত উইকেট ছিল তুলনামূলক ধীরগতির এবং বাউন্ডারিগুলোও ছিল বড়। তবে এবার উইকেটের আচরণ ও বাউন্ডারির মাপে কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। এমনটি হলে ব্যাটাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন।

বিজ্ঞাপন

অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ, টিম ডেভিড ও জশ ইংলিসদের নিয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইনআপের পাশাপাশি স্পিন বিভাগে অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস আবারও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন।

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ছিল বাংলাদেশের। তবে প্রথম ম্যাচের হারে সেই পথ কঠিন হয়ে গেছে। এখন সিরিজে টিকে থাকতে হলে নিজেদের সেরাটা উজাড় করেই খেলতে হবে স্বাগতিকদের। অন্যথায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারানোর হতাশা সঙ্গী হবে টাইগারদের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD