Logo

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, পরিসংখ্যান যা বলছে

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৪:১৭
ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, পরিসংখ্যান যা বলছে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামীকাল শনিবার তারা মুখোমুখি হবে হাইতির। ইতিহাস ও পরিসংখ্যান দু’দিক থেকেই ম্যাচে স্পষ্ট ফেভারিট ব্রাজিল।

বিজ্ঞাপন

ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান রয়েছে। ব্রাজিল রয়েছে ৬ নম্বরে, আর হাইতির অবস্থান ৮৪ নম্বরে। অর্থাৎ র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৭৮ ধাপ।

পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রদানকারী সংস্থা অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণেও ব্রাজিলই এগিয়ে। তাদের হিসাব অনুযায়ী, ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ।

বিজ্ঞাপন

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে ব্রাজিলের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনাও বেশ উজ্জ্বল। অপটার পূর্বাভাস বলছে, গ্রুপ সি–তে শীর্ষে থাকার সম্ভাবনা ব্রাজিলের ৫২ শতাংশ। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৯০.৩ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ৫.৪ শতাংশ।

অন্যদিকে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে হাইতির জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে ০.৪ শতাংশে।

বিজ্ঞাপন

ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে ব্রাজিল করেছে ১৭ গোল, হাইতি করেছে মাত্র ১ গোল। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা।

সূত্র: অপটা (Opta)

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD