Logo

ভোজিনহাকে ফাঁকি দিয়ে মেসির দারুণ গোল, এগিয়ে আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ০৪:৫৭
ভোজিনহাকে ফাঁকি দিয়ে মেসির দারুণ গোল, এগিয়ে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দারুণ এক গোলে ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। অভিষেক বিশ্বকাপে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক দোসিমার দিয়াজ ভোজিনহাকে পরাস্ত করে জাল খুঁজে নেন আর্জেন্টাইন অধিনায়ক। লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস নিয়ন্ত্রণে এনে ডি-বক্সের ভেতর প্রায় সাত গজ দূর থেকে জোরালো শট নেন মেসি। তার শক্তিশালী প্রচেষ্টা ঠেকানোর সুযোগই পাননি ভোজিনহা।

বিজ্ঞাপন

মায়ামির হার্ড রক স্টেডিয়াম যেন মেসির খুব পরিচিত মঞ্চ। গত তিন বছর ধরে ক্লাব ফুটবলে এই ভেন্যুতেই নিয়মিত খেলছেন তিনি। মাঠের প্রতিটি অংশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি গ্যালারিতেও পেয়েছেন বিপুল সমর্থন। সেই সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা অষ্টম ম্যাচে গোল করার কীর্তিও গড়লেন মেসি। এর আগে টানা সাত ম্যাচে গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে প্রতিপক্ষের রক্ষণভাগে ধারাবাহিক চাপ সৃষ্টি করে চলেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

গোল হজমের আগে পর্যন্ত কেপ ভার্দে বেশ গোছানো ফুটবল খেলছিল। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি শুরুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে দেয়নি। হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত নিজেদের রক্ষণ সামলানোর পাশাপাশি পাল্টা আক্রমণের চেষ্টাও চালায় তারা। তবে সেই আক্রমণগুলো গোলের জন্য যথেষ্ট কার্যকর হয়ে উঠতে পারেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD