সবাই বলছে জিতবে আর্জেন্টিনা, ব্যতিক্রম শুধু দুই ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ও তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে বিভিন্ন বিশ্লেষণ ও পূর্বাভাসে স্পষ্টভাবে ফেবারিট ধরা হচ্ছে লিওনেল স্কালোনির দলকে।
বিজ্ঞাপন
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান ডাইমার্স ১০ হাজার অ্যালগরিদমিক সিমুলেশনের ভিত্তিতে জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৩ দশমিক ৫ শতাংশ।
ফিফার অফিসিয়াল পরিসংখ্যানেও আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হয়েছে। সেখানে দলটির জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৮৪ দশমিক ৭ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৪ দশমিক ৩ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ।
বিজ্ঞাপন
ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের পূর্বাভাস, আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পাবে এবং লিওনেল মেসি করবেন জোড়া গোল।
অন্যদিকে রোটোওয়্যার ও ইয়াহু স্পোর্টসের বিশ্লেষণে আর্জেন্টিনার ২-০ গোলের জয় এবং ক্লিন শিট ধরে রাখার সম্ভাবনার কথা বলা হয়েছে। একইভাবে টোটাল ফুটবল অ্যানালাইসিসও ৩-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়ের পূর্বাভাস দিয়েছে।
তবে সব পূর্বাভাস একদিকে গেলেও দুটি ব্যতিক্রমী মত সামনে এসেছে। কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ১-০ ব্যবধানে নিজের দেশের জয়ের আশা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
এদিকে ঘানার আলোচিত আধ্যাত্মিক ব্যক্তি নানা কওয়াকু বোনসাম সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তার তথাকথিত ‘অলৌকিক শক্তির’ প্রভাবে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।
উল্লেখ্য, সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। একই সঙ্গে প্রায় ছয় লাখের কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে বিশ্বকাপের এ পর্যায়ে ওঠা সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নতুন ইতিহাস গড়েছে।
বিজ্ঞাপন
সূত্র: গোল ডটকম, ফিফা, বিবিসি








