ব্রাজিল সমর্থকেরা আমার কাছে সবসময়ই স্পেশাল: রোনালদো

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার রাতটি পর্তুগালের পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও ছিল আবেগঘন। ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচে জয় না পেলে বিশ্বকাপে তার যাত্রা সেখানেই শেষ হয়ে যেত। তবে নাটকীয় লড়াইয়ে ২-১ ব্যবধানে জয়ের পর শুধু শেষ ষোলোই নিশ্চিত হয়নি, ব্রাজিলের ফুটবলপ্রেমীদের প্রতিও নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল কাজে টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ব্রাজিলের মানুষের সঙ্গে কথা বলাটা আমার কাছে সবসময়ই শতভাগ স্পেশাল। শুধু সেখানে আমার পরিবার আছে বলেই নয়, ব্রাজিলের মানুষকে আমি সত্যিই খুব পছন্দ করি।’
ব্রাজিল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পর্তুগিজ তারকা বলেন, ‘পুরো ক্যারিয়ারজুড়েই ব্রাজিলিয়ানদের কাছ থেকে অঢেল ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এই সুযোগে সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। এখানে আসতে পারাটা দারুণ আনন্দের।’
বিজ্ঞাপন
ক্রোয়েশিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালের হয়ে নকআউট পর্বের জট খোলেন রোনালদো। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা এখন ১১। একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল তাঁর প্রথম গোল।
তবে ম্যাচটি ছিল দুই কিংবদন্তির শেষ ম্যাচের গল্প। রোনালদোর গোল পর্তুগালকে পৌঁছে দেয় শেষ ১৬-তে। অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিদায়ের সঙ্গে বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানেন লুকা মদরিচ, যা তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারেরও সমাপ্তি বলা চলে।
বিজ্ঞাপন
নিজের নেওয়া পেনাল্টি নিয়ে রোনালদো বলেন, ‘আমার মনে হচ্ছিল ম্যাচটা পেনাল্টিতে গড়াবে। তাই আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কাজটা সহজ ছিল না। আমার হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু নিজের প্রবৃত্তির ওপর বিশ্বাস রেখেছিলাম। আমি জানতাম, গোল করতে পারব। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মুহূর্তটি আমাদের সবার জন্য খুবই আবেগের ছিল।’
‘গোল করার পর বিশ্বাস জন্মেছিল, আমরা ম্যাচটি জিততে পারব। স্বাভাবিকভাবেই আমি খুব খুশি’—যোগ করেন রোনালদো।








