Logo

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন রাফায়েল নাদাল

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ২১:১৮
রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন রাফায়েল নাদাল
ছবি: সংগৃহীত

টেনিস কোর্টে অসাধারণ সাফল্যের পর এবার ফুটবলের প্রশাসনিক অঙ্গনে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন স্পেনের কিংবদন্তি রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকাকে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এ নিয়োগের বিষয়টি ক্লাবের সদস্যদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

রেকর্ড ১৫ বার ইউরোপীয় চ্যাম্পিয়ন হওয়া ক্লাবটি জানিয়েছে, নাদালকে পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব ‘ডেলিগেটেড মেম্বারস’-এর সাধারণ সভায় তোলার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘তার মতো ক্রীড়ামোদী ও এমন উচ্চ ব্যক্তিত্বের একজন আমাদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়াটা রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সকল সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

নাদালের ক্রীড়াজীবনের অর্জন ও ব্যক্তিত্বের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে ক্লাবটি। টেনিসে ৯২টি একক শিরোপা জয়ের পাশাপাশি দুবার অলিম্পিক স্বর্ণপদক অর্জন করেছেন তিনি। স্পেনের হয়ে পাঁচবার ডেভিস কাপ জিতেছেন এবং দীর্ঘ সময় ছিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।

রিয়াল মাদ্রিদের মতে, ক্রীড়াক্ষেত্রে সাফল্যের পাশাপাশি বিনয়, প্রতিপক্ষের প্রতি সম্মান এবং দাতব্য কর্মকাণ্ডে সম্পৃক্ততা নাদালের ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ দিক। এসব গুণ ক্লাবটির নিজস্ব মূল্যবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

৪০ বছর বয়সী নাদাল ক্লাবের আমন্ত্রণ গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালকদের বোর্ডে আমন্ত্রণ জানানোয় আমি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ দিতে চাই। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি শিখতে এবং আমার সাধ্যমতো অবদান রাখতে উন্মুখ।’

২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দেন নাদাল। এর পর থেকেই রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ সভাপতি হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা রয়েছে। তবে ক্লাবটির বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গত জুনে আরও চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন। প্রায় দুই দশক ধরে তাঁর নেতৃত্বেই চলছে স্প্যানিশ ক্লাবটি।

উল্লেখ্য, নাদালের চাচা মিগুয়েল অ্যাঞ্জেল বার্সেলোনার হয়ে খেলেছেন। তবে নাদাল ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের সমর্থক। এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের পরও খুব বেশি সময় বাড়িতে কাটাতে না পারার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘কারণ আমি ভ্রমণ করি, নানা কাজে ব্যস্ত থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD