এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই স্প্যানিশ অভিনেত্রী?

চলমান বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত নাম ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়েও ভক্ত-সমর্থকদের আগ্রহ কম নয়। বছরের শুরু থেকেই স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে এমবাপ্পের সম্পর্কের গুঞ্জন সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
গত এপ্রিল মাসে একাধিকবার একসঙ্গে সময় কাটানোর সময় ক্যামেরায় ধরা পড়েন এমবাপ্পে ও এস্তার। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। যদিও এমবাপ্পের সঙ্গে নাম জড়ানোর আগেই আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নিজের অভিনয়গুণে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এস্তার এক্সপোসিতো।
২৬ বছর বয়সী স্প্যানিশ এই অভিনেত্রী মূলত ২০১৮ সালে নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় থ্রিলার সিরিজ 'এলিট'-এ অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান। সিরিজটিতে চতুর শিক্ষার্থী 'কার্লা রোসন কালেরুয়েগা' চরিত্রে টানা দুই বছর অভিনয় করেন তিনি। পরবর্তীতে ২০২১ সালে এর স্পিন-অফ 'এলিট: শর্ট স্টোরিজ'-এও একই চরিত্রে তাকে দেখা গেছে। নেটফ্লিক্সের আরও একটি মৌলিক প্রযোজনা 'সামওয়ান হ্যাজ টু ডাই'-এ ২০২০ সালে অভিনয় করেন তিনি। এছাড়া ২০২৪ সালে অ্যাপল টিভির অ্যাকশন-অ্যাডভেঞ্চার হেইস্ট সিরিজ 'বান্দিদোস'-এ 'লিলি' চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এস্তার।
বিজ্ঞাপন

শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন, এস্তার এক্সপোসিতো, ফ্যাশন ও মডেলিং জগতেও সফল ক্যারিয়ার গড়েছেন তিনি। ওয়াইএসএল বিউটি এবং ডলচে অ্যান্ড গাবানার মতো বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বার্সেলোনা-ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড 'দেসিগুয়াল'-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই অভিনেত্রীর বিপুল জনপ্রিয়তা রয়েছে। শুধুমাত্র ইনস্টাগ্রামেই তার ফলোয়ার সংখ্যা ২৪ মিলিয়নের (২ কোটি ৪০ লাখ) বেশি।
এদিকে এমবাপ্পে কিংবা এস্তার—দুজনের কেউই এখনও তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি নীরব সমর্থন এবং বিভিন্ন কর্মকাণ্ড তাদের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি এস্তার এক্সপোসিতোর একটি ছবিতে হার্টের প্রতীক দিয়ে মন্তব্য করেন এমবাপ্পে। মুহূর্তের মধ্যেই সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুধু ওই মন্তব্যেই ১৭ হাজারের বেশি মানুষের প্রতিক্রিয়া জমা পড়ে, যা তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








