আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন কোচ স্কালোনি

আর্জেন্টিনাকে বিশ্বকাপে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ নতুন নয়। কাতার বিশ্বকাপের পর থেকেই এ নিয়ে নানা আলোচনা চলছে। চলতি বিশ্বকাপেও লিওনেল মেসিকে ঘিরে একটি বিতর্কিত ফাউলের ঘটনার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে জানতে চাওয়া হয়, তার দল ‘কমিটির দল’ হিসেবে কোনো বিশেষ সুবিধা পাচ্ছে কি না। জবাবে তিনি স্পষ্ট ও কঠোর প্রতিক্রিয়া জানান।
স্কালোনি বলেন, এসব বিতর্ক এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দেওয়া। তার মতে, সোশ্যাল মিডিয়া না দেখলে এমন ভিত্তিহীন আলোচনা নিয়েও ভাবতে হয় না।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে যেকোনো কিছু প্রকাশ করতে পারে। ছোট একটি বিষয়ও মুহূর্তের মধ্যে বড় বিতর্কে রূপ নেয়। তাই এসব অভিযোগকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি।
আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের সাফল্য কোনো বিশেষ সুবিধার কারণে নয়; এটি পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—প্রত্যেকের অবদানেই এই সাফল্য এসেছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব প্রসঙ্গে স্কালোনি আরও বলেন, এই মাধ্যমের যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি যেকোনো ভিত্তিহীন তথ্যও খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে এসব নিয়ে তার দল মোটেও বিচলিত নয়।








