আমরা রোনালদো ও জোটার জন্য জিততে চাই: ভিতিনহা

নাটকীয় লড়াইয়ের পর ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। এবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ স্পেন। তবে সামনে যত বাধাই আসুক না কেন, এবার শিরোপা জিততে চান বলে জানিয়েছে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং প্রয়াত দিয়েগো জোটার জন্যই জিততে চায় তারা।
বিজ্ঞাপন
দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপাই নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে অর্জনের ঝুলিতে রয়েছে প্রায় সব গুরুত্বপূর্ণ ট্রফি। জাতীয় দলের হয়েও জিতেছেন উয়েফা নেশনস লিগের শিরোপা। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি বিশ্বকাপ এখনও অধরাই রয়ে গেছে তার।
অধরা শিরোপা জয়ের জন্য এখনও মাঠে লড়ে যাচ্ছেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সটা খেলার পক্ষে কথা না বললেও তিনি যেন এক হার না মানা যোদ্ধা। আর দলে এমন এক যোদ্ধা আছেন বলেই বুক চিতিয়ে লড়ে যাচ্ছে দলের অন্যান্য ফুটবলারও।
বিজ্ঞাপন
বিশ্বকাপে পর্তুগালের ইতিহাসও খুব বেশি সমৃদ্ধ নয়। ১৯৬৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই সেমিফাইনালে উঠেছিল দলটি। যদিও ফাইনালে যেতে পারেনি, তবে সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছিল। এরপর ২০০৬ সালেও শেষ চারে উঠেছিল পর্তুগাল, কিন্তু সেবারও ফাইনালে জায়গা করে নিতে পারেনি।
তবে এবার অতীতের সব ব্যর্থ ভুলে শিরোপা জিততে চাই পর্তুগাল। ক্রোয়েশিয়া ম্যাচ শেষে দলীয় মিডফিল্ডার ভিতিনহা বলেন, ‘আমরা পর্তুগালবাসীর জন্য, আমাদের পরিবারের জন্য এবং দিয়েগো জোতার জন্য জিততে চাই। আর অবশ্যই আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও জিততে চাই।’








