আর্জেন্টিনা কোচের সামনে চ্যালেঞ্জ কেপ ভার্দে নয়, অন্যকিছু

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে আফ্রিকার কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে প্রতিপক্ষের চেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে মিয়ামির গরম ও উচ্চ আর্দ্রতা। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খেলা চলাকালে তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে প্রায় ৬৭ শতাংশ। এছাড়া আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
জর্ডানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এমন তীব্র গরমে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বোঝা কঠিন। তবে একই পরিবেশে অন্য দলগুলোকেও খেলতে হয়েছে, তাই অভিযোগ করার সুযোগ নেই।
বিজ্ঞাপন
তার মতে, শুধু তাপমাত্রাই নয়, গরমের সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা খেলোয়াড়দের দ্রুত ক্লান্ত করে ফেলে। এতে পুরো ম্যাচজুড়ে শারীরিক সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যায়। নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে, তাই শক্তি ব্যবস্থাপনা হবে অন্যতম বড় চ্যালেঞ্জ।
চলতি বিশ্বকাপে এর আগেও কঠিন আবহাওয়ার মধ্যে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। সে কারণে কোচিং স্টাফ খেলোয়াড়দের বিশ্রাম, রোটেশন এবং ভ্রমণ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দিয়েছে। মিয়ামির ম্যাচে সেই প্রস্তুতির কার্যকারিতাও পরীক্ষা হবে।
অন্যদিকে, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে কেপ ভার্দেও। গ্রুপ পর্বে উরুগুয়েকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। আফ্রিকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে খেলার অভিজ্ঞতা থাকায় শারীরিক সক্ষমতার দিক থেকেও তারা এগিয়ে থাকতে পারে।
বিজ্ঞাপন
তবে স্কালোনি আবহাওয়াকে কোনো অজুহাত হিসেবে দেখতে চান না। তার ভাষ্য, একই পরিবেশে দুই দলই খেলবে। তারপরও গরম ও আর্দ্রতা ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে আর্জেন্টিনা শিবির।








