নাহিদ রানার ৬ উইকেট, দেড়শর আগেই অলআউট জিম্বাবুয়ে

একমাত্র টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। হারারেতে প্রথম ওয়ানডেতে পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৪১ রানে গুটিয়ে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করে ৬ উইকেট নিয়েছেন নাহিদ রানা।
বিজ্ঞাপন
সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ২১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন।
জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট শুরুতে ৩৬ রানের জুটি গড়ে ভালো ভিত্তি তৈরি করেছিলেন। তবে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে রান আউট হন কারান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
পরের বলেই তাসকিন আহমেদের শিকার হন বেনেট। এরপর প্রথম বলেই ক্রেইগ আরভিনকে বোল্ড করে স্বাগতিকদের চাপে ফেলে দেন এই ডানহাতি পেসার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর নাহিদ রানার গতিময় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদানধে ও ইনোসেন্ট কাইয়াকে দ্রুত ফিরিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।
এক পর্যায়ে ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। তবে নবম উইকেটে রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামুরি ৬৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা লড়াইয়ের অবস্থায় নিয়ে যান। শেষ পর্যন্ত ২৭ রান করা এনগারাভাকে বোল্ড করে এই জুটিও ভাঙেন নাহিদ। এর মধ্য দিয়েই ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন তিনি।
বিজ্ঞাপন
এটি নাহিদ রানার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং। ১৩ ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয় পাঁচ বা তার বেশি উইকেট শিকারের কীর্তি। বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার তালিকায় এখন তার ওপরে আছেন কেবল মোস্তাফিজুর রহমান।








