Logo

দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১৬:১৪
দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন বিরল রোগে ভোগার পর মঙ্গলবার (৮ জুলাই) ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আফগান ক্রিকেটের এই সাবেক তারকা।

বিজ্ঞাপন

কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলে চিকিৎসাধীন ছিলেন শাপুর জাদরান। তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের বিরল রোগে আক্রান্ত ছিলেন, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি জটিল ব্যাধি।

শাপুর জাদরানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বোর্ডের শোকবার্তায় বলা হয়, আফগানিস্তানের ক্রিকেটের ভিত্তি গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন শাপুর জাদরান। তার নিষ্ঠা, আবেগ এবং খেলাটির প্রতি অটুট ভালোবাসা দেশটির ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আফগান ক্রিকেটের শুরুর যাত্রায় তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ, যিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রিকেটের অবস্থান তৈরি করতে অবদান রেখেছেন।

বিজ্ঞাপন

২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে ম্যাচে ৪৩টি এবং ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩৭টি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।

শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও স্মরণীয় এক মুহূর্তের নায়ক ছিলেন শাপুর। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের ম্যাচে তিনিই দলের হয়ে জয়সূচক রানটি করেছিলেন। সেই জয় ছিল বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের প্রথম জয়, যা দেশটির ক্রিকেট ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আফগানিস্তান ক্রিকেট বোর্ড আরও জানায়, মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা অসংখ্য তরুণকে বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে উৎসাহিত করেছে।

শাপুর জাদরানের মৃত্যুতে আফগান ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থ, ভক্ত এবং ক্রিকেট-সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD