মিশরকে হারালে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াই শেষ পর্যায়ে। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ছয়টি দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে এবং যৌথ আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম।
বিজ্ঞাপন
এখন শেষ আটে ওঠার জন্য বাকি রয়েছে দুটি ম্যাচ। মঙ্গলবার রাতে আটলান্টায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।
গ্রুপ ‘জে’র চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব ৩২-এ নাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে লিওনেল মেসির দল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মিশরের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড। এই ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে। কাগজে-কলমে শক্তির বিচারে কলম্বিয়াকেই এগিয়ে রাখা হচ্ছে।
কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড কিংবা আর্লিং হাল্যান্ডের নরওয়ে।
আর সব বাধা অতিক্রম করে ফাইনালে উঠতে পারলে শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ হতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স অথবা স্পেন। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ফাইনালের আগে এই দুই দলের কোনো একটির সঙ্গে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ নেই।








