Logo

আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, বাদ পড়ছেন কারা?

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১৪:৩৭
আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, বাদ পড়ছেন কারা?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের কৌশল ও সম্ভাব্য একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বিজ্ঞাপন

শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন স্কালোনি। সেই ম্যাচের পর অন্তত তিনটি পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন তিনি। সম্ভাব্য একাদশে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। এছাড়া থিয়াগো আলমাদার বদলে শুরুর একাদশে জায়গা পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পারেদেসকে নিয়ে স্কালোনি বলেন, বোকা জুনিয়র্সে খেলার সময় পাওয়া পেশির চোট নিয়েই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। কাতার বিশ্বকাপের পর যখনই শতভাগ ফিট ছিলেন, তখনই তিনি দলে সুযোগ পেয়েছেন। তার অনুপস্থিতিতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্ব ভালোভাবেই সামলেছেন। এনজো ফার্নান্দেজ ক্লাবের হয়ে তুলনামূলক আক্রমণাত্মক ভূমিকায় খেলায় সেই সময় ম্যাক অ্যালিস্টারকেই ওই দায়িত্ব দেওয়া হয়েছিল।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে কিছু ভুল চোখে পড়েছে বলেও উল্লেখ করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, তাদের লক্ষ্য শুধু বলের দখল ধরে রাখা নয়, প্রতিপক্ষের পাল্টা আক্রমণও ঠেকানো। এজন্য ধৈর্য ধরে বলের নিয়ন্ত্রণ বজায় রেখে অন্তত পাঁচ-ছয়টি পাসের সমন্বয়ে আক্রমণ গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ মিশরকে যথেষ্ট সমীহ করছেন স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিট লড়ে টাইব্রেকারে জয় পাওয়া দলটিকে তিনি শক্ত প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, চার ম্যাচে মাত্র একটি জয় পেলেও মিশর প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে। দলটি কেপ ভার্দের মতো রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। তবে আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ প্রায়ই কৌশল বদলায়, তাই সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে তার দল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্কালোনি আরও জানান, একাদশে কিছু পরিবর্তন এলেও আর্জেন্টিনার মূল খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না। শারীরিক সক্ষমতা বিবেচনায় খেলোয়াড় নির্বাচন করা হলেও শুরু থেকেই নিজেদের স্বাভাবিক কৌশল অনুসরণ করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD